দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
চব্বিশের জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আজ ঘোষণা করা হবে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া এই মামলার রায় দেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গত ৫ মার্চ রায়ের দিন নির্ধারণ করেন। বিচারিক প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। মামলাটি দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসের অন্যতম আলোচিত বিচার হিসেবে বিবেচিত হচ্ছে।
মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশীদসহ মোট ৩০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তা, পুলিশ সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠনের এক নেতা রয়েছেন।
২০২৫ সালের ২৪ জুন তদন্ত সংস্থা প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। পরে একই বছরের ৩০ জুন ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় এবং ৬ আগস্ট আসামিদের বিরুদ্ধে ফরমাল চার্জ গঠন করা হয়। ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরের পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ। দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে দাঁড়িয়ে থাকা তার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরবর্তীতে সেই আন্দোলন বৃহত্তর গণঅভ্যুত্থানে রূপ নেয়।
এই রায় শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, বরং জুলাই আন্দোলন সংশ্লিষ্ট দায়বদ্ধতা ও রাষ্ট্রীয় জবাবদিহির প্রশ্নেও গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করতে পারে। রায়ের মাধ্যমে ভবিষ্যৎ রাজনৈতিক সহিংসতা ও আইনশৃঙ্খলা ব্যবস্থার আচরণ নিয়ে নতুন বার্তা আসবে বলে বিশ্লেষকদের ধারণা।
