দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীতে নীরবে পা রেখেছেন জার্মানির বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বিকেল ৩টার দিকে অনুষ্ঠান শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, তুর্কি সরকারের আওতাধীন ‘টিকা’ প্রকল্পের সহায়তায় মেডিকেল সেন্টারের বিভিন্ন উন্নয়নকাজ বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনেই মূলত ঢাবিতে আসেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই তারকা।
বিশ্ববিদ্যালয় ও ডাকসু সূত্রে জানা গেছে, ইতোমধ্যে প্রকল্পের মাধ্যমে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
নতুন সরকারের শপথ ও মন্ত্রিসভা নিয়ে যখন দেশজুড়ে আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময় অনেকটা নিরবে বাংলাদেশ সফরে আসেন ওজিল। জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছান।
ঢাবির অনুষ্ঠান শেষে আগামীকাল রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতারে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সফর শেষে রাতেই দেশ ছাড়বেন বলে জানা গেছে।
