লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাদীর মৃত্যুতে বিক্ষুব্ধ জনতার অবস্থান চট্টগ্রামের ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে

প্রকাশিত: 19 ডিসেম্বর 2025

81 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুর খবরে রাজধানী ও চট্টগ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত ১১টার পর ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন একদল বিক্ষুব্ধ মানুষ। পরে পুলিশি বাধায় তারা ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হন।

প্রত্যক্ষদর্শীরা জানান হাদীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাত পৌনে ১১টার দিকে মিছিল নিয়ে বিক্ষুব্ধ জনতা ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় তারা হাদি হত্যার প্রতিবাদে আওয়ামী লীগ ও ভারতবিরোধী স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং কিছু সময় পর বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।

এর আগে হাদীর মৃত্যুর খবরে চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় বিক্ষোভকারীরা অবস্থান নেন। পরে তারা আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের চশমা হিল এলাকার বাসভবনের সামনে যান। সেখানে প্রথমে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এরপর বিক্ষুব্ধ লোকজন বাসভবনে ঢুকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান বলে স্থানীয়রা জানান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন আলম গণমাধ্যমকে বলেন ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে কিছু তরুণ অবস্থান নিয়েছিলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং নতুন করে লোকজন জড়ো হওয়ার তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শরিফ ওসমান হাদি মারা যান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে তিনি মাথায় গুলিবিদ্ধ হন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman