দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫: রাজধানীর পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকার চেয়ারম্যানঘাটে দুপুরে লাগা ভয়াবহ আগুন বিকেল ৪টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন বিকেলে সংবাদ সম্মেলনে বলেন, আগুন লাগার পরপরই লালবাগ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে অগ্নিকাণ্ডের ভয়াবহতা বিবেচনায় নিয়ে দ্রুত কন্ট্রোল রুমে অতিরিক্ত সহায়তা চাওয়া হয়। পরে পলাশী, হাজারীবাগ, সিদ্দিকবাজার, সদরঘাট ও সদরঘাট নদী ফায়ার স্টেশনসহ মোট ছয়টি স্টেশনের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তিনি জানান, ঘটনাস্থলের কাঠামো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সরু রাস্তা, ঘনবসতিপূর্ণ এলাকা এবং অপরিকল্পিত স্থাপনার কারণে ফায়ার ফাইটারদের কাজ করতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। জীবনঝুঁকি নিয়ে কাজ করে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এলাকার ভবন কাঠামো প্রসঙ্গে ছালেহ উদ্দিন বলেন, নিচে একতলা ইটের ভবনের ওপর টিন দিয়ে তৈরি বহুতল কাঠামো বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী কোনো বৈধ শ্রেণির মধ্যে পড়ে না। এসব স্থাপনায় প্লাস্টিক দানা ও পলিথিন প্রক্রিয়াজাতকরণসহ দাহ্য কার্যক্রম চলছিল, যা আগুনের ঝুঁকি আরও বাড়িয়েছে।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নেভানোর পর সার্চ টিমের কাজ শেষ হলে হতাহত সংক্রান্ত চূড়ান্ত তথ্য জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
