দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ব্যাংকিং ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনে কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ উদ্যোগ কার্যকর হলে বিকাশ, নগদ, রকেটসহ সব এমএফএস প্ল্যাটফর্মে একবারে সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দিনে মোট লেনদেনের সীমা নির্ধারণ করা হচ্ছে ১০ হাজার টাকা।
বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকতে পারে। একই সময়ে ব্যাংকের অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি অর্থ স্থানান্তর সাময়িকভাবে বন্ধ রাখার পরিকল্পনাও রয়েছে।
সম্প্রতি এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্দেশনা এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস সেবাদাতাদের জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচনে অর্থের অপব্যবহার এবং ভোটার প্রভাবিত করার চেষ্টা ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ এ বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছে। তবে চূড়ান্ত লেনদেন সীমা কিছুটা কমবেশি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বর্তমানে এমএফএস গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। নির্বাচনকালীন সময়ে এই সীমা উল্লেখযোগ্যভাবে কমানোর প্রস্তাব দিয়েছে বিএফআইইউ।
এদিকে নগদ অর্থ জমা ও উত্তোলনের ওপর নজরদারিও জোরদার করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো হিসাবে এক দিনে ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে তা বাধ্যতামূলকভাবে বিএফআইইউকে জানাতে হবে। নিয়ম ভাঙলে অর্থ পাচার প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
