লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিএনপি ক্ষমতায় এলে মানুষের ভাগ্য বদলাবে: ফারজানা শারমিন পুতুল

প্রকাশিত: 02 ফেব্রুয়ারী 2026

122 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি ক্ষমতায় গেলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, পুরো বাংলাদেশ বদলে যাবে, পরিবর্তন আসবেই। সেই পরিবর্তন আনতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রোববার বিকেলে নাটোরের লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের আব্দুলপুর বাজারে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ব্যারিস্টার পুতুল নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দলের মিডিয়া সেলের সদস্য।

জনসভায় তিনি বলেন, রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে দেশের সাধারণ মানুষ পরিবার কার্ড পাবে। এই কার্ডের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে জীবনযাপন করা সম্ভব হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড এবং সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হবে বলে তিনি আশ্বাস দেন।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই প্রার্থী বলেন, এবারের নির্বাচন হবে একটি প্রকৃত গণতান্ত্রিক নির্বাচন। মানুষ নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে।

গত ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। এই সময়ে সাধারণ মানুষ ভালো থাকতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। এখন পরিবর্তনের সময় এসেছে। তাই আগামী ১২ তারিখ ভোটকেন্দ্রে গিয়ে এলাকার উন্নয়ন ও ভবিষ্যতের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

জনসভায় আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman