দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
গাজার ভয়াবহ শীত ও মানবিক সংকটে নবজাতক ও শিশুদের মৃত্যুর ঘটনা বাড়ছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ)। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের চলমান অবরোধ ও অপর্যাপ্ত ত্রাণ সহায়তার কারণে তীব্র শীত শিশুদের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে এমএসএফ জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসে মাত্র ২৯ দিন বয়সী এক অপরিণত শিশুর মৃত্যু হয়েছে তীব্র হাইপোথার্মিয়ায়। সংস্থাটির মতে, শীতকালীন ঝড়, প্রবল বৃষ্টি ও ঠান্ডা বাতাস গাজার আগে থেকেই নাজুক জীবনযাত্রাকে আরও বিপজ্জনক করে তুলেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চরম আবহাওয়ার কারণে এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে একাধিক নবজাতক রয়েছে।
খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সের শিশু বিভাগের প্রধান চিকিৎসক আহমেদ আল ফাররা বলেন, শিশুদের জন্য হাইপোথার্মিয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তিনি সতর্ক করে বলেন, তাঁবুতে বসবাসরত পরিবারগুলোর জন্য যদি উষ্ণতার ব্যবস্থা, অস্থায়ী ঘর বা ক্যারাভান সরবরাহ না করা হয়, তাহলে আরও শিশু মৃত্যুর আশঙ্কা রয়েছে।
এমএসএফ আরও জানায়, শীতের কারণে শ্বাসতন্ত্রের সংক্রমণ দ্রুত বাড়ছে, যা পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য মারাত্মক হুমকি। সংস্থাটি অভিযোগ করে, ভারী বৃষ্টি ও ঝড়ে গাজার হাজার হাজার অস্থায়ী তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ ইসরায়েল এখনো প্রয়োজনীয় ত্রাণ, তাঁবু ও কম্বল প্রবেশে বাধা দিচ্ছে।
এমএসএফ জরুরি ভিত্তিতে গাজায় ব্যাপক আকারে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে।
সূত্র: আল জাজিরা, ডক্টরস উইদাউট বর্ডার্স (MSF), গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়
