জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘যারা সংখ্যালঘু কিংবা সংখ্যায় কম- তারা যদি অন্য যেকোনো ব্যক্তি, নেতা বা রাজনৈতিক দল, কারো দ্বারা বিন্দুমাত্র হুমকি, হয়রানি কিংবা জুলুমের শিকার হন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা দেখে নেব ওই অন্যায়কারী, ওই জুলুমকারী কত বড় নেতা হয়ে গেছে। শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার বাংলাদেশে কেউ আর হইতে পারবে না, হইতেও দেয়া হবে না।’
শনিবার রাতে পঞ্চগড়ের বোদা উপজেলা এনসিপি’র কমিটির আত্মপ্রকাশ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, ‘অন্য যেকোনো দলের যারা ভালো কাজ করবে, সে যেই দলই হোক না কেন, আপনারা তাদেরকে সমর্থন করবেন, সহযোগিতা করবেন। ভালোটাকে ভালো না বললে ভালো কাজে মানুষ উৎসাহ পাবে না।’
‘আবার একই ভাবে, সে যেকোনো দলেরই হোক না কেন, যত বড় ব্যক্তিই হোক না কেন- সে যদি কোনো অপকর্মের সাথে জড়িত হয়, মানুষের ওপর হয়রানি করে, জুলুম করে, ওর বিপক্ষে আপনাদের রুখে দাঁড়াতে হবে।’
সারজিস আলম বলেন, ‘আমাদের নেতাকর্মীদেরকে স্পষ্ট করে বলি, আমরা কোনো দিন কারো পায়ে পাড়া দিয়ে লাগতে যাবো না। কিন্তু কেউ যদি পায়ে পাড়া দিয়ে লাগতে আসে, আমরা তাদেরকে বিন্দুমাত্র ছাড়ও দেব না।
আলোচনা শেষে বোদা উপজেলা ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কমিটির নাম ঘোষণা করেন তিনি।
এর আগে অনুষ্ঠানের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন সারজিস আলম।
এ সময় পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
