দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দেশের পাঁচটি সিটি করপোরেশনের সদ্য দায়িত্ব পাওয়া প্রশাসকরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার দুপুরে রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় সরকারপ্রধানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দপ্তর।
প্রধানমন্ত্রী তারেক রহমান এর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় নবনিযুক্ত প্রশাসকদের সঙ্গে নগর ব্যবস্থাপনা ও প্রশাসনিক দায়িত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এর আগে একই দিন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পাঁচজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। করপোরেশনগুলোতে নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন প্রশাসকদের মধ্যে বরিশাল সিটি করপোরেশনে দায়িত্ব পেয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটিতে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটিতে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটিতে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে ইউসুফ মোল্লা।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি রাজধানী ঢাকাসহ আরও ছয়টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন করে আলোচনা শুরু হওয়ায় এসব প্রশাসনিক নিয়োগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত বহন করতে পারে।
