লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাবিতে আওয়ামীপন্থি ছয় ডিনের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত

প্রকাশিত: 22 ডিসেম্বর 2025

80 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ছয়জন ডিন তাদের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এক বৈঠকে তারা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন বলে নিশ্চিত করেছে প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জানান, শিক্ষার্থী প্রতিনিধি ও সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে আলোচনার পর ছয় ডিন স্বেচ্ছায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এস এম এক্রাম উল্ল্যাহ বলেন, “দিনভর যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়। তবে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি, আর দায়িত্বে থাকতে আগ্রহী নই।”

এর আগে রোববার সকাল ১০টার দিকে ছয় ডিনের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্সে অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় ডিনস কমপ্লেক্সসহ একাধিক প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ফলে এদিন কোনো ক্লাস হয়নি এবং শিক্ষক উপস্থিতিও ছিল না।

দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা রেজিস্ট্রার দফতরে গিয়ে দাবি জানান। শাখা শিবিরের সাধারণ সম্পাদক মুজাহিদ ফয়সাল দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একপর্যায়ে উপ উপাচার্য ও প্রক্টরের দফতরেও তালা দেওয়া হয়, যা পরে আলোচনা শুরু হলে খুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ১২টি অনুষদের মধ্যে ছয়টিতে আওয়ামীপন্থি হলুদ প্যানেলের প্রার্থীরা ডিন নির্বাচিত হন। নির্ধারিত মেয়াদ শেষ হলেও নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্বে থাকার উপাচার্যের সিদ্ধান্তের বিরোধিতা করেই এই আন্দোলন শুরু হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman