লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচন ও গণভোট সামনে রেখে সিইসির সঙ্গে তিন বাহিনী প্রধানের বৈঠক

প্রকাশিত: 22 ডিসেম্বর 2025

60 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি ও বাহিনীগুলোর প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৈঠকের পর দুপুর আড়াইটার দিকে ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি আনুষ্ঠানিক সভা শুরু হওয়ার কথা রয়েছে। ওই সভায় নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা অংশ নেবেন।

ইসি সূত্র জানায়, নির্বাচনের আগে এবং ভোটের দিন সারাদেশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কোন কোন বাহিনী কীভাবে দায়িত্ব পালন করবে, তা নিয়ে সমন্বয় জোরদার করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। সেনাবাহিনীসহ সশস্ত্র বাহিনীর সম্ভাব্য মোতায়েন, দায়িত্বের পরিধি এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো গুরুত্ব পাবে আলোচনায়।

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক উত্তেজনা ও সহিংস ঘটনার প্রেক্ষাপটে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে। কমিশনের পক্ষ থেকে বারবার জানানো হচ্ছে, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তাদের প্রধান লক্ষ্য।

নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানান, “ভোটারদের নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে সব বাহিনীকে নিয়ে আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman