লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আগামীর সংসদ হবে কুরআনের সংসদ, চাঁদাবাজ-সন্ত্রাসমুক্ত: অধ্যাপক মুজিবুর রহমান

প্রকাশিত: 30 নভেম্বর 2025

68 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । রাজশাহী প্রতিনিধি ।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ৮ দলের উদ্যোগে রোববার (৩০ নভেম্বর ২০২৫) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এই সমাবেশে হাজারো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মুখরিত হয় মাঠ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “আগামীর সংসদ হবে চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সংসদ। চাঁদাবাজদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। অতীতে যারা চাঁদাবাজি করেছে, তাদের আর খাওয়া নাই। আগামীর সংসদ হবে কুরআনের সংসদ। আগামীতে সচিবালয় চলবে, সংসদ চলবে, বিচারালয় চলবে কুরআন দিয়ে। সবকিছু চলবে কুরআন দিয়ে।”

গণভোট আগে, নির্বাচন পরে: মিয়া গোলাম পরওয়ার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “৮ দলের জোটে নতুন জাগরণ তৈরি হয়েছে। অবশ্যই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। সরকার একইদিনে গণভোটের সিদ্ধান্ত কার কুপরামর্শে করেছে। এখনো সুযোগ আছে, গেজেট পরিবর্তন করুন। জনগণ আগেই গণভোট চায়। নইলে বিভ্রান্তি তৈরি হবে, জনগণ ‘হ্যাঁ’ ভোট দিতে গিয়ে ‘না’ দিয়ে দেবে।”

তিনি আরও বলেন, “মানুষের মনে আশা জেগেছে, নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এবারের সংগ্রাম চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের ৮ দল আর ৮ দল থাকছে না, আরও অনেক দল যোগ দিতে চায়। সবার প্রত্যাশা একটাই, নতুন বাংলাদেশ।”

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “একটি দলকে চান্দা পার্টি বলা হয়। তারা পোস্টার ছিঁড়ছে, বুলেট ছুড়ছে। জনগণ বুলেটের জবাব ব্যালটে দেবে। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, রাকসু নির্বাচন তার প্রমাণ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে ৮ দলের প্রতীকে সিল মারুন।”

‘রক্ত দিয়েছি, আরও দেব, কুরআনের শাসন কায়েম হবেই’, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারি বলেন,
“রক্ত দিয়েছি, আরও রক্ত দেব, তবু আগে গণভোট ও জুলাই সনদ কার্যকর করব। তারপর নির্বাচন। ৪৭ সাল থেকে লড়াই করছি। আবারও লড়াই করে আল্লাহর আইন, কুরআনের শাসন অবশ্যই কায়েম করব ইনশাআল্লাহ।”

সমাবেশ শেষে নেতারা জানান, ৮ দল আগামীতে একক প্রার্থী দেবে এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman