দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকার মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা চলছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, তারেক রহমানের দেশে ফেরায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই।
রোববার (৩০ নভেম্বর ২০২৫) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন,
“তারেক রহমানের দেশে ফেরা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে কোনো তথ্য নেই। তার স্ট্যাটাস স্পর্শকাতর হলেও সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। তিনি দেশে আসতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ‘ওয়ান টাইম পাস’ দেবে। চাইলে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করা হবে।”
লন্ডনে তারেক রহমানের বর্তমান আইনি স্ট্যাটাস নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন,
“লন্ডনে তিনি কোন স্ট্যাটাসে আছেন, তা সরকার জানে না। কিন্তু বাংলাদেশ যদি তার কোনো নাগরিককে দেশে ফেরত আনতে চায়, তাহলে অন্য কোনো দেশ তাতে বাধা দিতে পারে না, এটা অস্বাভাবিক।”
শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে সরকারের কোনো বিধিনিষেধ নেই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।”
বাংলাদেশের একটি সংবাদ মাদ্ধমের সঙ্গে ফোনে কথা বলে শফিকুল আলম আরও বলেন, “উনি (তারেক রহমান) যখন ইচ্ছা বাংলাদেশে ফিরতে পারেন। তিনি বাংলাদেশের বড় রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি উনার মতো সিদ্ধান্ত নেবেন।”
