দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইরানের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প এর যুদ্ধ পরিচালনার ক্ষমতা সীমিত করতে চলতি সপ্তাহে মার্কিন সিনেটে আবারও ‘ওয়ার পাওয়ারস রেজুলেশন’ উত্থাপনের ঘোষণা দিয়েছে ডেমোক্র্যাটরা। এটি হবে এ বিষয়ে অষ্টম দফার ভোট উদ্যোগ।
মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক সুমের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ডেমোক্র্যাটরা সিনেটে এমন একটি ভোটে বাধ্য করতে যাচ্ছে যার লক্ষ্য ইরানের সঙ্গে শত্রুতামূলক সামরিক কর্মকাণ্ড থেকে মার্কিন সেনাদের সরিয়ে আনা। একই সঙ্গে তিনি রিপাবলিকান সিনেটরদের প্রতি যুদ্ধ বন্ধে এই প্রস্তাব সমর্থনের আহ্বান জানান।
ডেমোক্র্যাটদের দাবি, কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো প্রেসিডেন্ট এককভাবে যুদ্ধ পরিচালনা করতে পারেন না। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণা করার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হাতে। তাই প্রেসিডেন্টের সামরিক সিদ্ধান্তের ওপর কংগ্রেসীয় নজরদারি নিশ্চিত করতে তারা নতুন করে চাপ বাড়াচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইরানকে ঘিরে ওয়াশিংটনের কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিভাজন স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে দীর্ঘমেয়াদি যুদ্ধ এবং বিদেশে সামরিক হস্তক্ষেপ নিয়ে মার্কিন জনগণের একাংশের উদ্বেগকে সামনে এনে ডেমোক্র্যাটরা রাজনৈতিক চাপ তৈরির কৌশল নিচ্ছে।
অন্যদিকে রিপাবলিকানদের একটি অংশ মনে করছে, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ধরে রাখতে প্রেসিডেন্টের দ্রুত সামরিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা প্রয়োজন। ফলে সিনেটের এই ভোটকে ঘিরে দুই দলের মধ্যে নতুন রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার আভাস মিলছে।
