দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জুলাই মাসের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পুলিশ সদস্যদের নিহত হওয়ার ঘটনা তদন্তের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার সচিবালয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সুরক্ষা দিতে অধ্যাদেশ জারি করা হয়েছে এবং জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত রয়েছে। সরকার সেই নীতিতেই অটল।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সেনাবাহিনী মাঠে ছিল সহায়তাকারী শক্তি হিসেবে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনী মাঠে থাকবে কি না, সে বিষয়ে উচ্চপর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি বিবেচনায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
র্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাস্তবতার নিরিখে পরীক্ষা নিরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সীমান্ত হত্যা বন্ধ, নিরাপত্তা সহযোগিতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়ানোর কথাও উল্লেখ করেন তিনি।
এ ছাড়া সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়াতে নতুন নিয়োগ ও উপজেলা পর্যায়ে অফিস সম্প্রসারণের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
