লোড হচ্ছে...
লোড হচ্ছে...

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের পথে হাদী

প্রকাশিত: 15 ডিসেম্বর 2025

56 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

উন্নত চিকিৎসার জন্য ঢাকা ছেড়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। সোমবার ১৫ ডিসেম্বর দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে।

এর আগে সোমবার বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বিশেষায়িত মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় অবতরণ করে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের চিকিৎসা প্রস্তুতি ও প্রয়োজনীয় কাগজপত্র আগেই সম্পন্ন করা হয়েছিল।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক উন্নত হাসপাতালে যোগাযোগ করে। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ এবং পরিবারের সঙ্গে আলোচনার পর শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন যে, হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও অপরিবর্তিত রয়েছে।

প্রেস উইং আরও জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাকসিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। হাদির চিকিৎসাসংক্রান্ত সম্পূর্ণ ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় সন্দেহভাজন নিষিদ্ধ ছাত্রলীগ সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনার পর দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নিন্দা ও উদ্বেগের প্রতিক্রিয়া দেখা দেয়। হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ও হাদীর পরিবার।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman