দ্য সিভিলিয়ানস নিউজ ডেস্ক
ঢাকা, ১৭ ডিসেম্বর ২০২৫: বাংলাদেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে এ বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানানো হয়। পরে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সক্রিয় কিছু উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা নিয়ে ভারত বিশেষভাবে উদ্বিগ্ন। এসব গোষ্ঠী ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে বলে ভারতের দাবি। এ বিষয়টি বাংলাদেশের হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়।
ভারতীয় পক্ষ আরও জানায়, বাংলাদেশের সাম্প্রতিক কিছু ঘটনাকে কেন্দ্র করে উগ্রবাদী মহল যে বিভ্রান্তিকর ও ‘ভুল বয়ান’ ছড়ানোর চেষ্টা করছে, ভারত তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে অভিযোগ করা হয়, অন্তর্বর্তী সরকার এখনো এসব ঘটনার পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য তদন্ত শেষ করেনি এবং ভারতকে অর্থবহ প্রমাণ সরবরাহ করেনি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর, যার ভিত্তি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। পরবর্তী সময়ে উন্নয়ন সহযোগিতা ও জনগণ-থেকে-জনগণের যোগাযোগ এই সম্পর্ককে আরও শক্তিশালী করেছে। ভারত বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করে।
বিবৃতিতে কূটনৈতিক বাধ্যবাধকতার কথা তুলে ধরে বলা হয়, বাংলাদেশে অবস্থানরত সব বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট সরকারের দায়িত্ব। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছে ভারত।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিলে বাংলাদেশ একাধিকবার তার প্রত্যর্পণ চেয়েছে। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনার পর সন্দেহভাজনরা ভারতে পালালে তাদের গ্রেপ্তার করে ফেরত পাঠানোর আহ্বানও জানায় ঢাকা।
