দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
১৩ বছর আগে গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে তদন্তে তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার (১৭ ডিসেম্বর) এ তথ্য জানান। গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর জানান, তদন্তে জিয়াউল আহসানের বিরুদ্ধে একশ’র বেশি মানুষকে গুমের পর হত্যার গুরুতর অভিযোগের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী অন্যতম। ২০১২ সালের এপ্রিলে ঢাকার বনানীতে নিজ বাসার কাছ থেকে ইলিয়াস আলী নিখোঁজ হন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশনের দাখিল করা অভিযোগ আমলে নেয়। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২১ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন।
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে গাজীপুরে তিনজন হত্যা, বরগুনার পাথরঘাটার চর-দুয়ানিতে ৫০ জন হত্যা এবং সুন্দরবনে বনদস্যু দমনের নামে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে একাধিক হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। পাশাপাশি বিএনপি নেতা চৌধুরী আলম, ইলিয়াস আলী, সাজেদুল হক সুমন, সালাহউদ্দিন আহমেদসহ তিন শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য তদন্তে উঠে এসেছে।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে এবং পরবর্তী শুনানিতে বিস্তারিত উপস্থাপন করা হবে।
