লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়া ও তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে ব্রিগেডিয়ার (অব.) ড. শামছুল ইসলাম

প্রকাশিত: 17 ডিসেম্বর 2025

93 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। দীর্ঘ সামরিক, আন্তর্জাতিক ও একাডেমিক অভিজ্ঞতাসম্পন্ন এই নিরাপত্তা বিশেষজ্ঞের নিয়োগকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ব্রিগেডিয়ার (অব.) ড. শামছুল ইসলাম ১৯৮৯ সালের ডিসেম্বরে বাংলাদেশ সেনাবাহিনীর ২১ বিএমএ লং কোর্সের মাধ্যমে কোর অব আর্টিলারিতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি দক্ষ, শৃঙ্খলাবান ও মেধাবী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

শিক্ষাজীবনে তার অর্জন ব্যতিক্রমী। অষ্টম শ্রেণিতে ময়মনসিংহ জেলায় প্রথম হয়ে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেন। কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসিতে বোর্ড মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে বিএসসি, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ এবং ফিলিপাইন ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটি থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি স্বর্ণপদক পান। পরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে মিলিটারি টেকনোলজিতে মাস্টার্স এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার সিকিউরিটি বিষয়ে বাংলাদেশের প্রথম ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

পেশাগত জীবনে তিনি বাংলাদেশ, পাকিস্তান, যুক্তরাজ্য, চীন, ফিলিপাইন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রে বিশেষ সামরিক ও কৌশলগত প্রশিক্ষণ গ্রহণ করেন। সামরিক একাডেমিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ওসমানী গোল্ড মেডেল লাভ করেন তিনি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কঙ্গোতে দায়িত্ব পালনকালে স্থানীয় জনগণের আস্থা ও সম্মান অর্জন করেন। এছাড়া ইরাকে প্রশিক্ষণ বিশেষজ্ঞ ও উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

বর্তমানে তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে অ্যাডজাংক্ট প্রফেসর হিসেবে যুক্ত আছেন। জাতীয় নিরাপত্তা, কৌশলগত গবেষণা ও মানবাধিকার বিষয়ে তার দক্ষতাই এখন বিএনপির শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman