দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। জ্বালানি খাতে অনিয়ম ও অবৈধ মজুদ রোধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৬ হাজার লিটার ডিজেল জব্দ করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পতেঙ্গার কমিশনার ঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার। জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে অংশ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ও বাংলাদেশ পুলিশ।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৩০টি ড্রামে সংরক্ষিত আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। তবে অভিযান পরিচালনার সময় কোনো অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা জ্বালানি তেল বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
জেলা প্রশাসন জানায়, প্রাথমিক অনুসন্ধানে একটি অসাধু চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি পরিবহনের সময় চক্রটি অবৈধভাবে তেল অপসারণ করে স্থানীয় বাজারে সরবরাহ করছিল। এতে সরকারি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির আশঙ্কা ছিল।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও অবৈধ মজুদ প্রতিরোধে জেলা প্রশাসন কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। বর্তমানে চট্টগ্রামের তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা প্রশাসনের পর্যবেক্ষণের আওতায় রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযানে ধারাবাহিকতা থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
