লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

প্রকাশিত: 05 জুলাই 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব, বাংলা একাডেমির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই। রোববার বিকেলে রাজধানীর মিরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাঁর মৃত্যুতে দেশের সাহিত্য, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে মিরপুরের একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় অধ্যাপক ফজলুল হক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। উচ্চশিক্ষা শেষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘ চার দশকেরও বেশি সময় অধ্যাপনা করেন। একসময় বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। শিক্ষকতা জীবনের পাশাপাশি তিনি প্রাবন্ধিক, সাহিত্য সমালোচক, গবেষক, অনুবাদক ও ভাষা আন্দোলনের চেতনার একজন নিবেদিত প্রবক্তা হিসেবে পরিচিত ছিলেন।

সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার আন্দোলনে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। একই সঙ্গে সাহিত্য, সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তা নিয়ে নিয়মিত লেখালেখির মাধ্যমে দেশের বুদ্ধিবৃত্তিক পরিসরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অধ্যাপক ফজলুল হকের রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে একুশে ফেব্রুয়ারি আন্দোলন, রাজনীতি দর্শন, সাহিত্য চিন্তা এবং সংস্কৃতির সহজ কথা। এছাড়া তাঁর সম্পাদনায় প্রকাশিত ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি ও স্বদেশচিন্তা গ্রন্থ দুটি গবেষক ও পাঠকমহলে সমাদৃত। তিনি দীর্ঘদিন সুন্দরম ও লোকায়ত নামে দুটি সাহিত্য সাময়িকীর সম্পাদনার দায়িত্বও পালন করেন।

সাহিত্য ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন। ২০২৪ সালে তাঁকে বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর বাংলা একাডেমিকে আরও গবেষণাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও ভাষাকেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পক্ষে তিনি বিভিন্ন সময় মত প্রকাশ করেছিলেন।

সহকর্মী, শিক্ষার্থী ও সাহিত্য অঙ্গনের বিশিষ্টজনেরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁদের মতে, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে বাংলা ভাষা, সাহিত্য সমালোচনা ও জাতীয় বুদ্ধিবৃত্তিক পরিসর একজন প্রজ্ঞাবান শিক্ষক, চিন্তাবিদ ও গবেষককে হারাল। তাঁর দীর্ঘ কর্মজীবন, লেখালেখি ও ভাষাচিন্তা আগামী প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ প্রেরণার উৎস হয়ে থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman