দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটে বিএনপি ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দেয়ার সিদ্ধান্ত জানিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, দলটি সংস্কারের পক্ষে থাকার কারণে গণভোটে ‘হ্যাঁ’-তে ভোট দেবে।
নজরুল ইসলাম খান উল্লেখ করেন, কিছু প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা থাকলেও তারা যদি নাগরিকত্ব ত্যাগ করেন, তবে নির্বাচনে অংশগ্রহণের যোগ্য হবেন। তিনি অভিযোগ করেন, প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটের ব্যবস্থাপনায় উদ্দেশ্যমূলকভাবে নির্দিষ্ট রাজনৈতিক দলের নাম ও প্রতীক আগে রাখা হয়েছে। ব্যালট পেপারের অ্যালফাবেটিক্যাল ক্রমও ইচ্ছাকৃতভাবে না রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কিছু রিটার্নিং অফিসার প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছেন, তবে আইন সবার জন্য সমান হওয়া উচিত। জামায়াতে ইসলামীর প্রার্থীদের প্রার্থিতা বাতিল হওয়ায় তাদেরও রিভিউয়ের সুযোগ দেওয়া প্রয়োজন। ভোটে কারচুপির ক্ষেত্রে যারা দায়িত্বে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
নির্বাচনী আচরণবিধি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান উত্তরবঙ্গ সফর স্থগিত রেখেছেন, যা কোনো রাজনৈতিক সফর নয়। তবে অন্যান্য রাজনৈতিক দলের প্রকাশ্য প্রচারণার বিষয়ে নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও বড় শহরে লঙ্ঘন উপেক্ষিত হচ্ছে।
এছাড়া নজরুল ইসলাম খান জানান, বিএনপি শুধু ফ্যামিলি কার্ড নয়, কৃষকদের জন্য ফারমার্স কার্ড দেওয়ার পরিকল্পনাও করছে।
ব্রিফিংয়ে নজরুল ইসলাম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের বিএনপি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন।
