লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ এক জীবন্ত জল্লাদখানা

প্রকাশিত: 18 জানুয়ারী 2026

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকার সাভারে একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’-এর ভেতরে মরদেহ দুটি পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মরদেহ দুটির একটি নারীর এবং অপরটি একটি ছেলে শিশুর হতে পারে। তবে মরদেহগুলো পুড়ে যাওয়ায় এখনো তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের এক শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে কমিউনিটি সেন্টারের ভেতরে ঢুকে পোড়া মরদেহ দেখতে পান। এরপর তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ দুটি গুরুতরভাবে পোড়া থাকায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

এই কমিউনিটি সেন্টারটি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরেই আতঙ্ক রয়েছে। কারণ এর আগেও একই স্থান থেকে একাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। গত বছরের ২৯ আগস্ট দিবাগত রাতে এখান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে ১১ অক্টোবর রাতে পাওয়া যায় অজ্ঞাত এক নারীর অর্ধনগ্ন মরদেহ। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর ভবনটির দ্বিতীয় তলার টয়লেট থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এসব ঘটনার কোনোটিতেই এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বারবার একই স্থান থেকে মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্ত এবং কমিউনিটি সেন্টারটি ঘিরে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman