দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ছবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এক মার্কিন পাইলটকে আটক করেছে। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং কোনো আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিষয়টি নিশ্চিত করেনি।
ভাইরাল হওয়া পোস্টগুলোতে বলা হচ্ছে, ইরানের কোহগিলুয়েহ প্রদেশে একজন পাইলটকে স্থানীয়রা প্রথমে খুঁজে পান, পরে আইআরজিসি তাকে ঘিরে ফেলে। ছবিতে দেখা যাওয়া ব্যক্তি মার্কিন বিমান বাহিনীর ফ্লাইট স্যুট পরিহিত বলে দাবি করা হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রচারিত বিবরণ অনুযায়ী, তার পোশাকে ব্যবহৃত সরঞ্জাম ও নিরাপত্তা গিয়ার সামরিক পাইলটদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।
তবে সামরিক বিশ্লেষকদের একটি অংশ বলছেন, পাইলট আটকের তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। তবে বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, যুক্তরাষ্ট্র এত বড় সামরিক প্রস্তুতি নিয়ে শুধুমাত্র একজন পাইলট উদ্ধারে অভিযান চালিয়েছে এমন দাবি বাস্তবসম্মত নয়। অন্যদিকে কিছু অনলাইন বিশ্লেষক দাবি করছেন, কথিত উদ্ধার অভিযানের আড়ালে ইরানের পরিশোধিত ইউরেনিয়াম হাতিয়ে নেওয়ার লক্ষেই এত বড় সামরিক অভিযান পরিচালনা করেছিল মার্কিনিরা, এবং তার ব্যার্থ হয়েছে। যদিও এসব দাবির পক্ষেও কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি।
এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান সরকার আনুষ্ঠানিকভাবে ছবিটি বা আটক পাইলটের বিষয়ে কোনো নিশ্চিত বক্তব্য দেয়নি।
বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, যুদ্ধ বা সংঘাত সংশ্লিষ্ট তথ্য প্রকাশের ক্ষেত্রে যাচাই ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো জনমনে ভুল ধারণা সৃষ্টি করতে পারে এবং তথ্যযুদ্ধের অংশ হিসেবেও এমন প্রচারণা ব্যবহৃত হতে পারে।
