দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির বিচার বাংলাদেশের মাটিতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। তিনি অভিযোগ করেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং সেই প্রক্রিয়ার সঙ্গে আসিফ মাহমুদের নাম জড়িত।
সোমবার ১৯ জানুয়ারি দুপুরে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া একজন ছাত্র প্রতিনিধি পরবর্তীতে উপদেষ্টা হয়ে হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছেন। এই দুর্নীতি এখন দেশের মানুষের কাছে ওপেন সিক্রেট। এর বিচার বিদেশে নয়, বাংলাদেশেই হবে।
নাছির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনে এসে চোখ রাঙিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন একটি স্বাধীন ও সাংবিধানিক প্রতিষ্ঠান। কারো হুমকিতে কমিশনের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ছাত্রদলের নেতাকর্মীরাও এসব হুমকিতে ভয় পায় না এবং রাজপথে ছিল, আছে, থাকবে।
তিনি অভিযোগ করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচন নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যাচার করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ থাকা সত্ত্বেও ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন স্থগিতের তথ্য গোপন করা হয়েছে। পরে নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দিতে আবার তড়িঘড়ি করে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, ছয়দিন প্রচারণা বন্ধ রেখে কোনো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে না। এমন পরিস্থিতিতে ওই উপাচার্যের নৈতিকভাবে পদে থাকার অধিকার নেই। তিনি অবিলম্বে পদত্যাগ করা উচিত।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের জন্য গঠিত ১৫ সদস্যের নির্বাচন কমিশনের মধ্যে ইতোমধ্যে আটজন পদত্যাগ করেছেন। ফলে বিতর্কিত উপাচার্য ও কমিশন রেখে কোনো গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
তিনটি দাবিতে সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া পর্যন্ত ইসির সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নাছির উদ্দিন নাছির।
