লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কার, তবু নির্বাচনে থাকার ঘোষণা রুমিন ফারহানার

প্রকাশিত: 31 ডিসেম্বর 2025

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দাখিল করায় বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বহিষ্কারের প্রতিক্রিয়ায় তিনি একে তাঁর রাজনৈতিক জীবনের “অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়” হিসেবে উল্লেখ করেছেন। বিশেষ করে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কারের আদেশ পাওয়াকে তিনি গভীর মানসিক আঘাত বলে মন্তব্য করেন।

মঙ্গলবার রাতে গণমাধ্যমকে রুমিন ফারহানা বলেন, বহিষ্কার সত্ত্বেও তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন। তাঁর ভাষায়, রাজনীতিতে আপস না করে একা দাঁড়িয়ে যাওয়ার শিক্ষা তিনি খালেদা জিয়ার কাছ থেকেই পেয়েছেন।

রুমিন ফারহানা বলেন, খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। যাঁর আদর্শে তিনি রাজনীতি করেছেন এবং যাঁর স্নেহ ও আশ্রয়ে রাজনৈতিকভাবে বেড়ে উঠেছেন, তাঁর চলে যাওয়ার দিনেই বহিষ্কার হওয়াকে তিনি কেবল কাকতালীয় ঘটনা হিসেবে দেখেন না। তিনি জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগেও খালেদা জিয়া তাঁর সঙ্গে কথা বলেছিলেন এবং মনোনয়ন না পাওয়ার বিষয়টি জানতে চেয়েছিলেন।

বিএনপির এই নেত্রী বলেন, বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানো তাঁর কাছে আপসহীনতারই বহিঃপ্রকাশ। তিনি দাবি করেন, এই মানসিকতা তিনি তাঁর রাজনৈতিক অভিভাবক খালেদা জিয়ার কাছ থেকেই শিখেছেন।

এদিকে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে মঙ্গলবার রুমিন ফারহানাসহ মোট নয়জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।

এর আগে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। ওই আসনে বিএনপি তাদের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ঘোষণা করেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman