লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ইসরাইলি ড্রোন হামলা, দাবি ইরানের

প্রকাশিত: 04 এপ্রিল 2026

27 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। হামলার দায় নিয়ে ইরান ও ইসরায়েলকে ঘিরে পাল্টাপাল্টি অভিযোগে আঞ্চলিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

মার্চ মাসে সংঘটিত ওই হামলার বিষয়ে শুক্রবার ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড করপস (আইআরজিসি) এক বিবৃতিতে সরাসরি জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে। একই সঙ্গে তারা দাবি করে, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এই হামলা পরিচালিত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তেহরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ইসরায়েলি বাহিনী পরিকল্পিতভাবে মার্কিন দূতাবাসকে লক্ষ্যবস্তু বানিয়ে হামলা চালিয়েছে, যাতে এর দায় ইরানের ওপর চাপানো যায় এবং আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পায়।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, সৌদি কর্তৃপক্ষ যে ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে, বাস্তবে তার চেয়ে ক্ষতি বেশি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় সীমিত আগুন ও সামান্য ক্ষতির কথা জানালেও আগুন কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং দূতাবাসের অভ্যন্তরে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে আইআরজিসি এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করে জানিয়েছে, হামলার সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্ক নেই। তাদের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সাম্প্রতিক সামরিক কৌশল বিবেচনায় এটি ‘জায়নবাদী শক্তির পরিকল্পিত অপারেশন’ হতে পারে।

বিবৃতিতে প্রতিবেশী মুসলিম দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইআরজিসি দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অঞ্চলকে অস্থিতিশীল করার কৌশল গ্রহণ করেছে।

বিশ্লেষকদের মতে, সরাসরি দায় স্বীকার বা নিরপেক্ষ তদন্তের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত এই ঘটনার প্রকৃত দায় নির্ধারণ কঠিন। তবে ঘটনাটি ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

 

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman