লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

প্রকাশিত: 04 এপ্রিল 2026

20 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সরকার ও রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম আলাদা রাখার লক্ষ্য সামনে রেখে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। তার পরিবর্তে দলের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেওয়ান আবদুর রশিদ নিলুকে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেই পদত্যাগের ঘোষণা দেন সাকি। তিনি বলেন, সরকার পরিচালনার দায়িত্ব ও দলীয় সাংগঠনিক নেতৃত্বকে পৃথক রাখা গণতান্ত্রিক চর্চার জন্য প্রয়োজনীয়। সেই বিবেচনা থেকেই তিনি দলীয় প্রধানের দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন নিয়ে চলমান রাজনৈতিক আলোচনা ও বিতর্ক নিয়েও কথা বলেন। সাকি জানান, সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক শক্তির মতামতই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে বলে তিনি উল্লেখ করেন।

দলীয় সূত্র জানায়, নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলু সংগঠনের সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচি সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর সাভারে অনুষ্ঠিত গণসংহতি আন্দোলনের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়েছিল।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া ৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকি। পরে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে তিনি প্রথমে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান এবং বর্তমানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারে দায়িত্ব পালনকারী নেতাদের দলীয় পদ ছাড়ার এই প্রবণতা প্রশাসনিক নিরপেক্ষতা ও রাজনৈতিক জবাবদিহিতা নিয়ে নতুন আলোচনা তৈরি করতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman