লোড হচ্ছে...
লোড হচ্ছে...

খালেদা জিয়ার মৃত্যুতে সার্কের গভীর শোক

প্রকাশিত: 01 জানুয়ারী 2026

161 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা, ৩১ ডিসেম্বর (দ্য সিভিলিয়ানস নিউজ ডেস্ক) — সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক। সংস্থাটির মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ও আপসহীন গণতন্ত্রকামী নেত্রী হিসেবে উল্লেখ করেন।

শোকবার্তায় সার্ক মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ এমন এক নেত্রীকে হারালো, যাঁর জীবন ও নেতৃত্ব দেশের রাজনীতিতে স্থায়ী ছাপ রেখে গেছে। তিনবার দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক উদারীকরণ এবং সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, খালেদা জিয়ার নেতৃত্বে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিস্তার ঘটে, নারী ক্ষমতায়ন জোরদার হয় এবং শিক্ষাখাতে বিশেষ করে কন্যাশিশু শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়। তাঁর সময়কালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারাকে বিশ্বব্যাংক ‘এশিয়ার পরবর্তী টাইগার অর্থনীতি’ হিসেবে অভিহিত করেছিল বলেও স্মরণ করানো হয়।

সার্ক মহাসচিব তাঁর আঞ্চলিক ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯৩-৯৫ ও ২০০৫-০৭ মেয়াদে সার্কের চেয়ারপারসন হিসেবে বেগম খালেদা জিয়ার প্রজ্ঞা ও দূরদর্শিতা দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদারে বড় ভূমিকা রেখেছিল। একই সঙ্গে সার্ক প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

শোকবার্তায় বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপি নেতাকর্মী ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

সার্ক মহাসচিব আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ এই শোক কাটিয়ে উঠে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির সংগ্রামে বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে অনুপ্রেরণা গ্রহণ করবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman