লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এলপিজির দাম লাফিয়ে বাড়ল, ১২ কেজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়লো

প্রকাশিত: 02 এপ্রিল 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ভোক্তা পর্যায়ে আবারও বড় ধাক্কা দিল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্য বৃদ্ধি। এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণা অনুযায়ী, এখন ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে ভোক্তাদের গুনতে হবে ১ হাজার ৭২৮ টাকা, যা গত মাসে ছিল ১ হাজার ৩৪১ টাকা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সংস্থাটি নতুন মূল্য তালিকা প্রকাশ করে। আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য ওঠানামা এবং আমদানি ব্যয় সমন্বয়ের অংশ হিসেবে প্রতি মাসেই এই দাম নির্ধারণ করা হয় বলে জানানো হয়েছে।

নতুন ঘোষিত দামে অন্যান্য ওজনের সিলিন্ডারের মূল্যও সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৫.৫ কেজির সিলিন্ডার ৭৯২ টাকা, ১২.৫ কেজি ১ হাজার ৮০১ টাকা, ১৫ কেজি ২ হাজার ১৬১ টাকা এবং ১৬ কেজি ২ হাজার ৩০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ কেজি ২ হাজার ৫৯৩ টাকা, ২০ কেজি ২ হাজার ৮৮১ টাকা, ২২ কেজি ৩ হাজার ১৬৯ টাকা এবং ২৫ কেজি সিলিন্ডারের দাম ৩ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বড় আকারের বাণিজ্যিক সিলিন্ডারের মধ্যে ৩০ কেজি ৪ হাজার ৩২১ টাকা, ৩৩ কেজি ৪ হাজার ৭৫৩ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৪১ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৬ হাজার ৪২৮ টাকায় বিক্রি হবে।

একই সঙ্গে অটোগ্যাসের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৭৯.৭৭ টাকা (মূসকসহ)।

এপ্রিলের এই মূল্যবৃদ্ধি সরাসরি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের রান্নার খরচ বাড়াবে। পাইপলাইনের গ্যাস সুবিধার বাইরে থাকা শহরতলি ও গ্রামীণ অঞ্চলে এলপিজি নির্ভরতা বেশি হওয়ায় বাজারে জীবনযাত্রার ব্যয় আরও চাপের মুখে পড়তে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman