দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিয়ে একাধিক দল ও সংগঠন থেকে বেশ কয়েকজন নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টি তে যোগ দিচ্ছেন। রোববার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানায়, আমার বাংলাদেশ পার্টি, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর একাধিক নেতা এতে যোগ দেন।
জানা গেছে, আপ বাংলাদেশের প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এনসিপিতে যুক্ত হচ্ছেন। পাশাপাশি এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক যোগ দিচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এবং অন্যান্য ইউনিটের নেতারাও দলটিতে যুক্ত হচ্ছেন। তাদের মধ্যে কেউ কেউ এনসিপির সহযোগী সংগঠন ও কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পাচ্ছেন বলে জানা গেছে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, দলটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায় এবং সংস্কারপন্থী সকলের জন্য তাদের দরজা খোলা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সময়ের ছাত্র আন্দোলন ও নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোর মধ্যে সমন্বয় তৈরি হওয়ার ইঙ্গিত দিচ্ছে এই যোগদান। এতে ভবিষ্যতের রাজনৈতিক মেরুকরণে নতুন মাত্রা যোগ হতে পারে।
অন্যদিকে, বিএনপির সাবেক নেতা ইসহাক সরকার ভবিষ্যতে এনসিপিতে যোগ দিতে পারেন বলে জানিয়েছেন, যদিও তার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
নতুন নেতৃত্ব ও তরুণ রাজনীতিকদের সমন্বয়ে এনসিপি দ্রুত শক্তি সঞ্চয় করার চেষ্টা করছে। তবে এ ধরনের জোট কতটা স্থায়ী হবে এবং মাঠপর্যায়ে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে সংগঠনের কাঠামো ও রাজনৈতিক কৌশলের ওপর।
