দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যেকোনো মূল্যে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা যেন বিভেদের কারণ না হয়। হিংসা ও প্রতিশোধের রাজনীতি দেশকে কোথায় নিয়ে যেতে পারে, তার উদাহরণ সবাই ২০২৪ সালের ৫ আগস্ট দেখেছে। তাই সব ভেদাভেদ ভুলে জাতীয় স্বার্থে একযোগে কাজ করার সময় এসেছে।
শনিবার রাজধানীর বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতেই তারেক রহমান দেশের মানুষের রাজনৈতিক অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে আর প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না। আলোচনার মাধ্যমেই মতভেদ দূর করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, অতীতের বিভাজনের রাজনীতি জাতিকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তারেক রহমান স্পষ্ট করে বলেন, ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই।
আগামী ২২ জানুয়ারি থেকে বিএনপি জনগণের কাছে তাদের পরিকল্পনা ও নির্বাচনী ইশতেহার নিয়ে যাবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে তারেক রহমান দেশের প্রায় ৪ কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন। এই কার্ডের মাধ্যমে পরিবারের গৃহিণীরা ৫ থেকে ৭ বছর খাদ্য বা আর্থিক সহায়তা পাবেন। তিনি বলেন, নারীদের হাতে অর্থ থাকলে তা স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র বিনিয়োগে ব্যয় হয়, যা অর্থনীতিকে শক্তিশালী করে।
স্বাস্থ্যখাতে বড় ধরনের সংস্কারের কথাও জানান বিএনপির চেয়ারম্যান। প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থার ওপর জোর দিয়ে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার কথা বলেন তিনি, যার বড় অংশ নারী হবেন। এতে একদিকে জনস্বাস্থ্য উন্নত হবে, অন্যদিকে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।
সবশেষে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, গঠনমূলক সমালোচনার মাধ্যমেই দেশের সমস্যার সমাধান সম্ভব।
