দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করার পর বিশ্বজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এসব নথিতে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেই তালিকায় এবার বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবির নামও পাওয়া গেছে।
প্রকাশিত নথিতে থাকা একটি ই-মেইলে আইসিডিডিআরবিকে বাংলাদেশে একটি ‘অতি সুপরিচিত প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করা হয়। ওই ই-মেইলে বাংলাদেশে দীর্ঘমেয়াদী প্রোবায়োটিক গবেষণায় বিনিয়োগের একটি প্রস্তাবের কথা বলা হয়েছে বলে নথির বরাতে জানা গেছে।
নথি অনুযায়ী, ই-মেইলটির বিষয় ছিল ‘আন্ত্রিক জীবাণুবিদ্যা-আইসিডিডিআরবি’। এটি ২০১৪ সালের ১৭ এপ্রিল কুখ্যাত মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের কাছে তার এক ঘনিষ্ঠ সহযোগীর পক্ষ থেকে পাঠানো হয়। সেখানে আইসিডিডিআরবিকে কেন্দ্র করে সরকারি-বেসরকারি অংশীদারত্বে একটি গবেষণা উদ্যোগ গড়ে তোলার সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।

ই-মেইলে দাবি করা হয়, তুলনামূলক কম বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে উৎপাদিত প্রোবায়োটিক বা সংশ্লিষ্ট পণ্য থেকে ৩ শতাংশ মুনাফা নিশ্চিত করা যেতে পারে। পাশাপাশি আইসিডিডিআরবি একটি দাতব্য প্রতিষ্ঠান হওয়ায় যুক্তরাষ্ট্রের ৫০১(সি)(৩) কাঠামোর আওতায় বিনিয়োগে কর ছাড় সুবিধা পাওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
এপস্টেইন ফাইলে অন্তর্ভুক্ত আরেকটি ই-মেইলে দেখা যায়, এপস্টেইনের এক ঘনিষ্ঠ সহযোগী ২০১০ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ও ভারতে ভ্রমণ করেছিলেন। তবে ওই সফরের উদ্দেশ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ বা কোনো কার্যক্রম সম্পর্কে নথিতে বিস্তারিত তথ্য নেই।
বিশ্লেষকদের মতে, এসব নথিতে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম উল্লেখ থাকলেই তা অপরাধের প্রমাণ নয়। তবে এপস্টেইনের আর্থিক ও প্রভাব বিস্তারের নেটওয়ার্ক কতটা বিস্তৃত ছিল, এই নথি প্রকাশ তার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যাখ্যা ও অবস্থান এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
