দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে একটি পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে এই মিশন।
মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের পলিটিক্যাল অ্যানালিস্ট মারসেল নেগি ও ইলেকশন অ্যানালিস্ট ভাসিল ভাসচেনকা মিশন মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।
ইইউ প্রতিনিধিরা জানান, গত ২৯ ডিসেম্বর ১১ জন বিশ্লেষকসহ প্রায় ২০০ সদস্যের মূল পর্যবেক্ষক দল ঢাকায় পৌঁছেছে। এর অংশ হিসেবে আগামী ১৭ জানুয়ারি থেকে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করা হবে। তারা নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রচার, প্রশাসনিক প্রস্তুতি ও ভোটের পরিবেশ পর্যবেক্ষণ করে নিয়মিত প্রতিবেদন জমা দেবেন।
নির্বাচনের ঠিক আগে ভোটগ্রহণ, ভোট গণনা ও ফল তালিকাভুক্তকরণ পর্যবেক্ষণের জন্য আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক যুক্ত হবেন। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্প্রদায় ও অংশীদার দেশগুলোর প্রতিনিধিরাও পর্যবেক্ষণে অংশ নেবেন।
ইইউ মিশন জানিয়েছে, নির্ধারিত ও স্বচ্ছ পদ্ধতিতে পুরো নির্বাচনী প্রক্রিয়ার তথ্যভিত্তিক ও নিরপেক্ষ বিশ্লেষণ করা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি ঢাকায় একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। পরে নির্বাচন-পরবর্তী চূড়ান্ত প্রতিবেদনে ভবিষ্যৎ নির্বাচনী ব্যবস্থার উন্নয়নে সুপারিশও অন্তর্ভুক্ত থাকবে।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, সরকারের পক্ষ থেকে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।
