লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাদি সকল বাংলাদেশির বুকের ভেতরে থাকবে যতদিন বাংলাদেশ আছে: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: 20 ডিসেম্বর 2025

194 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় আবেগাপ্লুত কণ্ঠে গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন হাদি সকল বাংলাদেশির বুকের ভেতরে থাকবেন।

শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত জানাজায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আজ আমরা কাউকে বিদায় দিতে আসিনি। আমরা এসেছি একটি অঙ্গীকার করতে। হাদি আমাদের এমন এক মন্ত্র দিয়ে গেছেন, যা জাতি কোনোদিন ভুলবে না।

প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ থেকে ঢেউয়ের মতো মানুষ এসেছে। দেশের ভেতরে ও বাইরে কোটি কোটি বাংলাদেশি এই মুহূর্তে হাদির কথা ভাবছে। তিনি বলেন, প্রিয় ওসমান হাদি, তুমি আমাদের বুকের ভেতর আছো। বাংলাদেশ যতদিন থাকবে, তুমি ততদিন এই জাতির হৃদয়ে থাকবে। এটা কেউ মুছে ফেলতে পারবে না।

হাদির আদর্শ তুলে ধরে মুহাম্মদ ইউনূস বলেন, রাজনীতিতে কীভাবে বিনয়ের সঙ্গে মানুষের কাছে যেতে হয়, কষ্ট না দিয়ে নিজের বক্তব্য তুলে ধরতে হয়, সেই শিক্ষা হাদি দিয়ে গেছেন। আমরা সেই শিক্ষা গ্রহণ করেছি এবং রাজনীতিকে সেই স্তরে নিয়ে যেতে চাই।

তিনি আরও বলেন, হাদির দেওয়া মন্ত্র ছিল ‘বল বীর, চির উন্নত মমশির’। এই মন্ত্র বাংলাদেশের প্রতিটি সন্তানের মাথা উঁচু করে বাঁচার প্রতীক হয়ে থাকবে। আমাদের শির কখনো নত হবে না।

কড়া নিরাপত্তার মধ্যে দুপুর আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়। জাতীয় পতাকা হাতে, কণ্ঠে স্লোগান নিয়ে মানুষ শহীদ হাদির প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman