লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুতুলের

প্রকাশিত: 31 জানুয়ারী 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

শুক্রবার সকাল ১১টা থেকে লালপুর উপজেলার বিলমারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই নির্বাচনী প্রচারণা চলে। এ সময় তিনি ৯ নম্বর ওয়ার্ডের খাপাড়া, ৮ নম্বর ওয়ার্ডের মোহরকায়া, ৫ নম্বর ওয়ার্ডের মমিনপুর ও বড়বাদকয়াসহ বিভিন্ন গ্রাম ও পাড়ায় পথসভা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

পথসভায় ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বিএনপি একটি আদর্শের রাজনীতি করে। যারা শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারা কখনো বিএনপির বাইরে যেতে পারেন না। তিনি বলেন, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের কন্যা হিসেবে তিনি এই এলাকার সন্তান এবং জনগণের পাশে থেকেই রাজনীতি করতে চান।

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দেওয়ার অর্থ একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার পক্ষে অবস্থান নেওয়া। এই নির্বাচন দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, নারীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি বলেন, জনগণের রায়ে সরকার গঠিত হলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন বিলমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিস্টুসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman