লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অনির্বাচিত প্রশাসনে নগর ব্যবস্থাপনায় সংকট সৃষ্টি হয়েছে: সেলিম উদ্দিন

প্রকাশিত: 06 জুলাই 2026

14 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলটির মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন দাবি করেছেন, অনির্বাচিত প্রশাসন, অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে রাজধানীর নগর ব্যবস্থাপনায় বিভিন্ন সংকট তৈরি হয়েছে। তিনি বলেন, রাজনৈতিক সদিচ্ছা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব।

সোমবার রাজধানীর হাতিরঝিল লেকপাড়সংলগ্ন বটতলায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘উজ্জীবন’ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ আকিব। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন মজুমদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাতিরঝিল পূর্ব থানা জামায়াতের আমির ও স্থানীয় কমিশনার প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান আজমী এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমীন। এছাড়া সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপরিকল্পিত নগরায়ণ, জলাবদ্ধতা, পুরোনো পয়োনিষ্কাশন ব্যবস্থা, ভাঙাচোরা সড়ক, মানসম্মত গণপরিবহনের অভাব, পর্যাপ্ত বিনোদন কেন্দ্রের সংকট এবং শিক্ষা অবকাঠামোর দুর্বলতা রাজধানীর নাগরিক জীবনে ভোগান্তি সৃষ্টি করছে। তাঁর দাবি, বর্তমান শতাব্দীর চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক মানের নগর ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পুনর্গঠন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, নগর উন্নয়নের মতো বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা, নাগরিক অংশগ্রহণ এবং সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

নিজ দলের বিভিন্ন সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরে সেলিম উদ্দিন বলেন, নগরবাসীর জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন, অ্যাম্বুলেন্স, ফিজিওথেরাপি, রক্তদান কার্যক্রম, বেকারদের আর্থিক সহায়তা এবং সুদমুক্ত ঋণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ পরিচালনা করা হচ্ছে। তাঁর ভাষ্য, এসব কার্যক্রমের মাধ্যমে নাগরিক সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন, সেবাকেন্দ্রিক এবং বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করবেন। এ লক্ষ্যে দলমত নির্বিশেষে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন।

সভা শেষে আয়োজক সংগঠন ‘উজ্জীবন’-এর পক্ষ থেকে সংগঠনের লোগোসংবলিত টি শার্ট ও বার্ষিকী স্মারক প্রধান অতিথির হাতে তুলে দেওয়া হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman