লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চট্টগ্রামে শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা ও বিক্ষোভ মিছিল

প্রকাশিত: 20 ডিসেম্বর 2025

122 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সারাদেশের মতো চট্টগ্রামেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল চারটায় নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই জানাজা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজায় ইমামতি ও দোয়া পরিচালনা করেন কল্পোলোক আবাসিক জামে মসজিদের খতিব ইমরানুল হক সায়েম। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জানাজা শেষে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ের দিকে অগ্রসর হন এবং সেখানে গিয়ে বিক্ষোভ মিছিল শেষ করেন।

জানাজার আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জুবায়েরুল ইসলাম মানিক, ইবনে ওমর যায়েদ এবং চট্টগ্রাম জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ।

ইবনে ওমর যায়েদ বলেন, শহীদ হাদি ভাইয়ের লড়াই ছিল সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ইনসাফের পক্ষে এবং ইনকিলাবের পক্ষে। এই জানাজা থেকে আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই। কোনো শক্তি যদি বাংলাদেশকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করে, তবে বাংলার জনগণ ঐক্যবদ্ধভাবে তার প্রতিরোধ করবে। একই সঙ্গে তিনি সবাইকে সংযমী থাকার আহ্বান জানান এবং কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার অনুরোধ করেন।

চট্টগ্রাম জুলাই ঐক্যের আহ্বায়ক ইবনে হাসান জিয়াদ বলেন, শহীদ ওসমান হাদির আদর্শকে ধারণ করেই তার উত্থাপিত দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা হবে।

গায়েবানা জানাজা ও মিছিল ঘিরে লালদিঘী ও আশপাশের এলাকায় ব্যাপক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman