দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশ। সর্বশেষ সূচকে পাঁচ ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ৯৫ নম্বরে। এর ফলে বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে ৩৭টি দেশ ও অঞ্চলে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাচ্ছেন।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে প্রকাশিত যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। সর্বশেষ সূচকে এই অগ্রগতি আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লন্ডনভিত্তিক নাগরিকত্ব ও আবাসন পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএর তথ্যের ভিত্তিতে প্রতি বছর এই পাসপোর্ট সূচক প্রকাশ করে। সূচকে মূলত একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়াই, অন অ্যারাইভাল ভিসা অথবা ই ভিসার মাধ্যমে প্রবেশ করতে পারেন তা বিবেচনা করা হয়।
নতুন সূচক অনুযায়ী, বাংলাদেশি নাগরিকরা ভুটান, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, কেনিয়া, জামাইকা, ফিজি, সেশেলস, বাহামাসসহ মোট ৩৭টি দেশে ভ্রমণ করতে পারবেন। এর মধ্যে কয়েকটি দেশে অন অ্যারাইভাল ভিসা এবং কিছু দেশে ই ভিসার সুবিধা রয়েছে।
চলতি বছর পাসপোর্ট সূচকের শীর্ষ তিনটি অবস্থানই দখল করেছে এশিয়ার দেশগুলো। এক নম্বরে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯২টি দেশে ভিসা ছাড়াই যেতে পারেন। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া, যাদের নাগরিকদের জন্য ভিসামুক্ত গন্তব্যের সংখ্যা ১৮৮টি।
বিশেষজ্ঞদের মতে, কূটনৈতিক সম্পর্ক, ভিসানীতি সহজীকরণ এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়লে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থান আরও উন্নত হওয়ার সুযোগ রয়েছে।
