দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপি জুলাই জাতীয় সনদের পক্ষে রয়েছে এবং ঐক্যমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত এই সনদের প্রতিটি প্রস্তাব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জাতীয়ভাবে যেসব বিষয়ে ঐকমত্য হবে, বিএনপি সেসব সিদ্ধান্তের সঙ্গেই ঐক্যবদ্ধ থাকবে।
বুধবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার পেকুয়া আশরাফুল উলুম মাদরাসা মাঠে বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশের মানুষের জন্য রাজনীতি করে। মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা, গণতান্ত্রিক অধিকার ও সাংবিধানিক অধিকার বাস্তবায়নই দলের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে জাতীয় ঐক্য অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতেই প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেগুলো জাতীয়ভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে প্রথমবারের মতো ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করেন এবং মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করেন। তার অভিযোগ, আওয়ামী লীগ সরকার সেই মূলনীতি বাতিল করেছিল। বিএনপি ক্ষমতায় এলে সংবিধানের মূলনীতিতে আবারও মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃসংযোজন করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ওলামাদলের আহ্বায়ক আলী হাছান চৌধুরী। সঞ্চালনা করেন কক্সবাজার বাইতুর রহমান জামে মসজিদের খতিব ক্বারী আতাউল্লা গনি। এতে আরও বক্তব্য রাখেন মাওলানা ইয়াছিন সোলতানী, মাওলানা সোলাইমান ও মাওলানা শহিদ উল্লাহসহ অন্যান্য অতিথিরা।
