লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শেষ বিদায়ে আবেগঘন মুহূর্ত, খালেদা জিয়ার কফিন কাঁধে তুললেন ড. মিজানুর রহমান আজহারি

প্রকাশিত: 31 ডিসেম্বর 2025

28 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা শেষে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারিকে।

বুধবার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনীতিক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

জানাজার পর যখন কফিন বহনের প্রস্তুতি নেওয়া হয়, তখন ড. মিজানুর রহমান আজহারির কাঁধে কফিন তোলার দৃশ্য উপস্থিত মানুষের মধ্যে আবেগের ঢেউ তোলে। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংক্ষিপ্ত বক্তব্যে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে জনগণের ভালোবাসা নিয়েই তিনি বিদায় নিয়েছেন।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনা হয়। লাল-সবুজ জাতীয় পতাকায় মোড়ানো মরদেহটি একটি ফ্রিজার ভ্যানে করে বহন করা হয়। সেনাবাহিনী হিউম্যান চেইন গড়ে রাষ্ট্রীয় প্রোটোকলে মরদেহটি জানাজার স্থলে পৌঁছে দেয়।

জানাজাকে ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর এলাকা পর্যন্ত জনসমুদ্রে পরিণত হয়। যে যেখানে পেরেছেন, সেখান থেকেই প্রিয় নেত্রীর শেষ বিদায়ে শরিক হন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman