দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী শেখ হাসিনা কখনো মুক্তি পাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী করা হয়েছে, উপযুক্ত চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে এবং সেই ধারাবাহিক নিপীড়নই শেষ পর্যন্ত তাঁর মৃত্যুকে ত্বরান্বিত করেছে।
বুধবার দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম খান এসব কথা বলেন। তিনি বলেন, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি পায়ে হেঁটে কারাগারে প্রবেশ করেছিলেন খালেদা জিয়া। কিন্তু দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে এবং পরবর্তী চার বছর গৃহবন্দী অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় তিনি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন। দেশি-বিদেশি চিকিৎসকদের মতে, বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়াই তাঁর শারীরিক অবস্থার অবনতির প্রধান কারণ।
নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়া দেশ ও জনগণের স্বার্থে কখনো আপস করেননি। ভারতসহ দেশ-বিদেশের কোনো অপশক্তির সামনে তিনি মাথা নত করেননি বলেই রাজনৈতিকভাবে তাঁকে মোকাবিলা করতে ব্যর্থ প্রতিপক্ষ তাঁকে ব্যক্তিগত শত্রুতে পরিণত করে। এরশাদ আমল, তথাকথিত ১/১১ সরকার এবং শেখ হাসিনার শাসনামলে তাঁকে বারবার কারারুদ্ধ করা হয়। শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসভবন থেকে তাঁকে উৎখাত করা হয় এবং মিথ্যা অভিযোগে দীর্ঘ সাজা দেওয়া হয়।
তিনি বলেন, আজ খালেদা জিয়া সব অভিযোগ থেকে মুক্ত হয়ে লক্ষকোটি মানুষের ভালোবাসায় জানাজায় শায়িত। অথচ যারা তাঁকে জেলে পাঠিয়েছে, যারা তাঁকে গৃহহীন করেছে, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইতিহাস তাদের ক্ষমা করেনি।
নজরুল ইসলাম খান তাঁর বক্তব্যে খালেদা জিয়ার ৪৩ বছরের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, ১৯৮২ সালে বিএনপিতে যোগদানের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। পরবর্তী সময়ে তিনি তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন, প্রতিটি নির্বাচনে একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই বিজয় অর্জন করেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম, নারী শিক্ষা, উপবৃত্তি কর্মসূচি, মুক্তিযোদ্ধা ও প্রবাসীদের কল্যাণে নেওয়া উদ্যোগ এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর পরিবারের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
শেষে নজরুল ইসলাম খান বলেন, দেশমাতৃকার মাটিতেই খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হচ্ছেন, শহীদ স্বামীর পাশে। তাঁর আদর্শকে ধারণ করেই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, শান্তি ও জনগণের কল্যাণের পথে এগিয়ে যাবে।
