লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বুরুন্ডির সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, কারণ জানা যায়নি

প্রকাশিত: 02 এপ্রিল 2026

25 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৩ জন নিহত এবং আরও ৫৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে রাজধানী বুজুমবুরা’র উপকণ্ঠে মুসাগা এলাকায় অবস্থিত একটি সামরিক গুদামে এই দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা এপি এর প্রতিবেদনে জানানো হয়, ঘাঁটির অস্ত্র ও গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন লাগার পর সেখানে থাকা বিস্ফোরক দ্রব্যে আগুন ছড়িয়ে পড়ে এবং একাধিক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দ দূরবর্তী এলাকাতেও শোনা যায় এবং আতঙ্কে আশপাশের বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের জন্য এলাকা ছাড়তে বাধ্য হন।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র গ্যাসপার্ড বারুতোজা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আহতদের মধ্যে অন্তত তিনজন সেনাসদস্য রয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

বিস্ফোরণের ফলে আশপাশে অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে পড়ায় স্থানীয় জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালোইস এনডাইকেঙ্গুরুকিয়ে জনগণকে অনুরোধ করেছেন, সন্দেহজনক কোনো বস্তু দেখলে যেন তা স্পর্শ না করে দ্রুত কর্তৃপক্ষকে জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি কোনো হামলা নয় বরং দুর্ঘটনা। আগুনের কারণে ঘাঁটি ও আশপাশের এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আতঙ্কে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের নিরাপদ রাখতে বোহাঙ্গা ক্যাথলিক প্যারিশে আশ্রয় দেওয়া হয়েছে এবং অভিভাবকদের সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সামরিক স্থাপনায় নিরাপত্তা ও সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা থাকলে এ ধরনের দুর্ঘটনা বড় মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে, যা ভবিষ্যতে প্রতিরোধে কঠোর নিরাপত্তা পর্যালোচনা জরুরি করে তুলেছে।

 

সূত্র: Associated Press

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman