লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভুয়া ‘হোম অফিস’ পরিপত্র বিষয়ে সতর্ক করল সরকার

প্রকাশিত: 02 এপ্রিল 2026

18 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন এবং সপ্তাহে কয়েকদিন ‘হোম অফিস’ চালুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পরিপত্রকে ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কোনো পরিপত্র সরকারিভাবে জারি করা হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত স্মারক নম্বর ব্যবহার করে ছড়ানো তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং জনসাধারণকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

জানা যায়, গত ১ এপ্রিল একটি ভুয়া স্মারক নম্বর সংযুক্ত করে সরকারি অফিসের সময় পরিবর্তন এবং সপ্তাহে তিন দিন অফিস পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করে একটি তথাকথিত দাপ্তরিক নথি অনলাইনে ছড়িয়ে পড়ে। এতে বলা হয়, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে নতুন কর্মসূচি চালু করা হবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

সরকারি সূত্র বলছে, আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ নিয়ে নীতিগত আলোচনা চলছে। তবে অফিস সময়সূচি পরিবর্তন বা ‘হোম অফিস’ চালুর বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিশ্লেষকদের মতে, সংকটকালীন সময়ে ভুয়া সরকারি নথি ছড়িয়ে পড়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং প্রশাসনিক কার্যক্রমেও প্রভাব ফেলতে পারে। তাই যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman