লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, রাডার সংকটে ইসরায়েল

প্রকাশিত: 22 মার্চ 2026

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ইরান ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা। সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা শুধু সংখ্যার দিক থেকে নয় বরং প্রযুক্তিগত কৌশলের কারণেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বড় চাপ তৈরি করছে। বিশেষ করে এক্স ব্যান্ড রাডার লক্ষ্য করে হামলার অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে।

আল জাজিরা বিশ্লেষণ বলছে, ইরান আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা অবকাঠামোর গুরুত্বপূর্ণ আগাম সতর্কতা রাডারগুলোকে লক্ষ্যবস্তু বানানোর কৌশল নিয়েছে, যা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রকৃত ওয়ারহেডকে ডিকয় থেকে আলাদা করতে ব্যবহৃত হয়। এসব উচ্চক্ষমতার রাডার তৈরি করতে বহু বছর সময় ও বিপুল অর্থ ব্যয় হয়েছে। ফলে এগুলো ক্ষতিগ্রস্ত হলে দ্রুত বিকল্প ব্যবস্থা গড়ে তোলা কঠিন হয়ে পড়ে।

রয়টার্স ও দ্য গার্ডিয়ানের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, ইরানের কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইরানের খোররামশাহর ৪ ক্ষেপণাস্ত্র নতুন ধরনের মডুলার ও সাবমিউনিশন ওয়ারহেড ব্যবহার করতে পারে, যা আকাশে বিভক্ত হয়ে একাধিক লক্ষ্যবস্তু তৈরি করে। এতে প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি বস্তু আলাদা হুমকি হিসেবে শনাক্ত করে বিপুলসংখ্যক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়। ফলে প্রতিরক্ষা গোলাবারুদের দ্রুত ক্ষয় দেখা দিতে পারে।

বিশ্লেষকদের মতে, রাডার শনাক্তকরণ দুর্বল হলে প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য নির্বাচন করতে পারে না এবং ব্যয়বহুল প্রতিরোধ ক্ষেপণাস্ত্র ডিকয়ের পেছনেও নষ্ট হয়। এতে দীর্ঘমেয়াদে প্রতিরক্ষা সক্ষমতা ক্ষয় হওয়ার ঝুঁকি তৈরি হয়।

বর্তমান সংঘাতে প্রযুক্তিগত প্রতিযোগিতা স্পষ্ট হয়ে উঠছে। ইরান যদি রাডার ও শনাক্তকরণ ব্যবস্থার ওপর চাপ বজায় রাখতে পারে তবে যুদ্ধক্ষেত্রে সরাসরি শক্তির বদলে কৌশলগত ক্লান্তি সৃষ্টি করা সম্ভব হতে পারে। অন্যদিকে ইসরায়েলের জন্য এটি প্রতিরক্ষা পুনর্গঠন ও মজুদ ব্যবস্থাপনার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman