দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দিষ্ট সদস্যসহ পাঁচ শ্রেণির ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারলেও সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য তা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার বা সঙ্গে রাখার অনুমতি পাবেন, সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা প্রধান পুলিশ কর্মকর্তা, ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন নির্দিষ্ট আনসার সদস্য, দেশি ও বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকরা (নীতিমালা ২০২৫ অনুসরণ সাপেক্ষে), পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাদের নির্বাচনী এজেন্ট ও সাধারণ ভোটাররা।
তবে ভোটকেন্দ্রে কর্মরত সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্টদের কোনোভাবেই মোবাইল ফোন সঙ্গে রাখার অনুমতি নেই। একই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও, প্রধান পুলিশ কর্মকর্তা ও নির্দিষ্ট আনসার সদস্য ছাড়া।
নির্বাচন কমিশন আরও জানিয়েছে, ভোটের গোপনীয়তা নিশ্চিত করতে গোপন কক্ষে বা মার্কিং প্লেসে কোনো ব্যক্তিই—ভোটার বা কর্মকর্তা—মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটের পবিত্রতা ও স্বচ্ছতা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় কমিশন।
ইতোমধ্যে এ নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগ ও মহাপুলিশ পরিদর্শকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
