দ্য সিভিলিয়ানস । জেলা প্রতিনিধি ।
নোয়াখালী সরকারি কলেজ গেট থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী ব্যানার রাতের আঁধারে খুলে ফেলার অভিযোগ উঠেছে। সংগঠনটির দাবি, পরিকল্পিতভাবে ব্যানারটি অপসারণ করা হয়েছে। তবে এ ঘটনার প্রতিবাদে কলেজ গেট এলাকায় নতুন করে আরেকটি ব্যানার টাঙিয়েছে জামায়াত।
নতুন ব্যানারটির ভাষা ও প্রতিবাদের ধরন সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে ব্যতিক্রমী ও প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন। ব্যানারে সরাসরি অভিযোগের পাশাপাশি প্রতিবাদী বার্তা তুলে ধরা হয়েছে বলে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।
জামায়াতের স্থানীয় নেতারা বলেন, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আইনগতভাবেই ব্যানার টাঙানো হয়েছিল। রাতের আঁধারে তা খুলে ফেলা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। নতুন ব্যানারের মাধ্যমে তারা শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ জানিয়েছেন।
এ বিষয়ে কলেজ প্রশাসন বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর কলেজ গেট এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ব্যানার অপসারণের ঘটনাকে রাজনৈতিক অসহিষ্ণুতার উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ নতুন ব্যানারের ভাষা ও উপস্থাপনাকে কেন্দ্র করে মতামত দিচ্ছেন। পুরো বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে রয়েছে।
