লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এই নির্বাচনটি হবে ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

প্রকাশিত: 23 জানুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভবিষ্যতের সব নির্বাচনের জন্য একটি মানদণ্ড স্থাপন করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে এবং জনগণের আস্থার প্রতিফলন ঘটাবে।

বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন ড. ইউনূস। সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন ছাড়াও শ্রম আইন সংস্কার, বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রস্তাবিত শুল্ক চুক্তি, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, সরকার নির্বাচন আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ থেকে বিপুলসংখ্যক নির্বাচন পর্যবেক্ষক আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এটি একটি উৎসবমুখর নির্বাচন হবে, যা ভবিষ্যতে ভালো নির্বাচন আয়োজনের জন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ড. ইউনূস জানান, আসিয়ান সদস্যপদের লক্ষ্যে বাংলাদেশ ইতোমধ্যে সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপের জন্য আবেদন করেছে। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করতে সার্ককে পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

জবাবে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, নির্বাচনে যে দলই বিজয়ী হোক, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করতে আগ্রহী। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ, শ্রম আইন সংস্কার এবং অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।

রোহিঙ্গা ইস্যুতে প্রধান উপদেষ্টা বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান এবং এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman