লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তিন মোড়ে সাত কলেজের অবরোধ, ফার্মগেটে পৃথক আন্দোলন

প্রকাশিত: 14 জানুয়ারী 2026

101 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১টার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে গাবতলী থেকে কারওয়ানবাজার পর্যন্ত ঢাকামুখী সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, গাবতলী অংশ থেকে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অনেক গাড়ি মিরপুর ও মোহাম্মদপুর হয়ে ঢাকায় ঢোকার চেষ্টা করছে। দীর্ঘ যানজটে পড়ে বিপাকে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যান। অনেকে বাধ্য হয়ে গাড়ি ছেড়ে হেঁটেই গন্তব্যে রওনা দেন।

শিক্ষার্থীরা জানান, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’-এর খসড়া গত সেপ্টেম্বরেই প্রকাশ করা হয়। ডিসেম্বরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে জানুয়ারির প্রথম দিকেই অধ্যাদেশ জারির আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তাই বাধ্য হয়ে তারা অবরোধ কর্মসূচিতে নেমেছেন।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় বলছে, অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং দ্রুত উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

অন্যদিকে, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে আলাদা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে তারা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেটমুখী অংশ, পরে ফার্মগেট মোড় অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা বলেন, এক মাসের বেশি সময় পার হলেও হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman